ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জে জামায়াতে ইসলামীর নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকালে শহরের নলডাঙ্গা ভূসণ স্কুল মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ উপজেলা ও সদরের চার ইউনিয়ন) আসনের দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা আবু তালিব।
সমাবেশে উপস্থিত হতে দুপুরের পর থেকে ঝিনাইদহ-৪ নির্বাচনী এলাকার বিভিন্ন গ্রাম থেকে নারী ও পুরুষ নেতাকর্মীরা আসতে থাকেন। মঞ্চ ও সমাবেশস্থল ছাড়িয়ে শহরের প্রধান রাস্তাগুলো জনসমুদ্রে পরিণত হয়। বিশেষভাবে নারী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
মাওলানা আবু তালিব বলেন, ৫৪ বছর পার হয়েছে, ১২টি সংসদ নির্বাচন হয়েছে। মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে, যারা নির্বাচিত হয়েছে তারা লুটপাট ও হত্যার রাজনীতি করেছে। আমরা একটি ন্যায়ভিত্তিক, ইনসাফমূলক রাষ্ট্র গড়তে চাই। আমাদের নির্বাচিত হলে দূর্ণীতি ও অনিয়ম থাকবে না। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, কৃষি সহ আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের সুযোগ নিশ্চিত করা হবে। নদী ও খাল খনন করা হবে, মাদকমুক্ত সমাজ গড়ে তোলা হবে। মোবারকগঞ্জ চিনিকলকে দুর্নীতির হাত থেকে উদ্ধার করে লাভজনক করা হবে। নারীদের দক্ষতা বৃদ্ধি করে সামাজিক বলয় গড়ে তোলা হবে। জনগণের অভিযোগের ভিত্তিতে উন্নয়ন করা হবে। আমার কোনো ব্যক্তিগত স্বার্থ নেই, আমি কেবল কালীগঞ্জবাসির কল্যাণে কাজ করতে চাই।
জামায়াতে ইসলামীর হিন্দু শাখার নেতা বাবু পিকুল মজুমদার সমাবেশে বলেন, স্বাধীনতার পর থেকে দেখেছি, অনেক প্রার্থী নির্বাচিত হওয়ার পর প্রতিশ্রুতি রাখে না। লুটপাট ও অনৈতিক আচরণ সমাজকে ক্ষতিগ্রস্ত করছে। তাই এলাকার উন্নয়নে যোগ্য, সৎ ও দুর্নীতিমুক্ত প্রার্থী আবু তালিবকে ভোট দিয়ে সংসদে পাঠানোর আহ্বান করছি।
সমাবেশে কেন্দ্রীয় সুরা সদস্য ও জেলা জামায়াতের নেতৃবৃন্দসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে বিশাল র্যালী কালীগঞ্জ শহর প্রদক্ষিণ করে।
কালীগঞ্জে জামায়াতে ইসলামীর নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত



