ঝিনাইদহ অফিস
ঝিনাইদহের কালীগঞ্জে পরিত্যক্ত অবস্থায় দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র্যাব-৬। গত শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বটতলা বাজার এলাকা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
র্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মেহেদি ইমরান সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নের গুটিয়ানি বটতলা এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের আশঙ্কা রয়েছে। এ তথ্যের ভিত্তিতে র্যাবের একটি অভিযানিক দল সেখানে অভিযান চালায়।
অভিযান চলাকালে কাউকে আটক করা সম্ভব না হলেও পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, এক ব্যারেলযুক্ত একটি রিভলভার এবং একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রগুলো পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য কালীগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।
কালীগঞ্জে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র উদ্ধার



