জীবননগর অফিস
জীবননগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের পর মাদক সংগ্রহের সময় দুই বাংলাদেশী যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল শনিবার ভোরে ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। আটকরা হলেন জীবননগর উপজেলার রাজাপুর গ্রামের সন্তো মণ্ডলের ছেলে রকো হোসেন ওরফে রকো (৩৫) এবং একই গ্রামের খোদা বকশ ওরফে খুদু মণ্ডলের ছেলে রাশিদুল ইসলাম ওরফে দুলি (৩৬)।
বিজিবির মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, দুই বাংলাদেশি ভারতের অভ্যন্তরে আটক হওয়ার তথ্য পাওয়ার পরপরই বিজিবি বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে যোগাযোগের উদ্যোগ নিয়েছে। বিএসএফ জানিয়েছে, আটক দুজন বর্তমানে সুস্থ রয়েছেন এবং তাদের বিরুদ্ধে ভারতের আইনে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কাঁটাতারের বেড়া অতিক্রম করে ভারতীয় সীমান্তে প্রবেশের পর তারা মাদক সংগ্রহের চেষ্টা করছিলেন। এ সময় টহলরত বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে আটক করেন। তবে তাদের কাছ থেকে কী পরিমাণ ও কী ধরনের মাদক উদ্ধার হয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
সীমান্তবর্তী এলাকাবাসীর অভিযোগ, কিছু অসাধু চক্র দীর্ঘদিন ধরে সীমান্তপথ ব্যবহার করে মাদক আনা নেওয়ার সঙ্গে জড়িত, যা স্থানীয় তরুণ সমাজ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। তারা সীমান্তে টহল জোরদার ও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় অনুপ্রবেশ ও মাদক পাচার রোধে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে। এ ধরনের ঘটনা প্রতিরোধে বিজিবি ও বিএসএফের মধ্যে সমন্বয় অব্যাহত রয়েছে।
মনোহরপুর ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের পরিবারের পক্ষ থেকে বিজিবির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে তাদের বর্তমান অবস্থা সম্পর্কে পরিবার এখনো নিশ্চিত নয়।
জীবননগর সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের হাতে মাদকসহ বাংলাদেশী দু’যুবক আটক



