গাংনীতে বিএনপির নির্বাচনী অফিসের পাশ থেকে দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার

মেহেরপুর অফিস
মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের আমতৈল গ্রামে বিএনপির অস্থায়ী নির্বাচনী কার্যালয়ের পাশ থেকে দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে স্থানীয়রা কার্যালয়ের পাশে লাল টেপ দিয়ে মোড়ানো দুটি সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখে গাংনী থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তু দুটি উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আমতৈল গ্রামের পশ্চিমপাড়ায় মফেজেলের ছেলে জগত আলীর চায়ের দোকানে বিএনপির নেতাকর্মীরা অস্থায়ীভাবে নির্বাচনী কার্যালয় স্থাপন করেন। সেখানে নিয়মিতভাবে দলীয় নেতাকর্মীরা বসে প্রচার-প্রচারণা ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেন। রাতের আঁধারে দুর্বৃত্তরা কার্যালয়ের পাশে বোমা সদৃশ বস্তু দুটি রেখে গেছে বলে ধারণা করছেন স্থানীয়রা।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বস্তু দুটি উদ্ধার করেছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলেও তিনি জানান।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।