মেহেরপুর অফিস
সুনির্দিষ্ট কোনো অভিযোগ ছাড়াই বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা ও অভিযোগ দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে মেহেরপুর-২ (গাংনী) আসনের বিএনপি। গতকাল শনিবার দুপুরে প্রার্থী আমজাদ হোসেনের বাসভবনে স্থাপিত নির্বাচনী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন তার নির্বাচনী প্রধান এজেন্ট আসাদুজ্জামান বাবলু।
তিনি বলেন, প্রতিপক্ষ প্রার্থী পরিকল্পিতভাবে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ দাখিল করেছেন। এসব অভিযোগের প্রেক্ষিতে প্রশাসন কয়েকজন নেতাকর্মীর বাড়িতে তল্লাশি চালিয়েছে, যা রাজনৈতিক হয়রানির শামিল। তিনি আরও অভিযোগ করেন, জামায়াতে ইসলামের জোট প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করে প্লাস্টিক দিয়ে দাঁড়িপাল্লা প্রতীক তৈরি করে বিভিন্ন স্থানে টানিয়েছেন। পাশাপাশি গ্রামে গ্রামে তাদের নেতাকর্মীদের বাঁশের লাঠি সংগ্রহের নির্দেশ দেওয়া হচ্ছে, যা ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা তৈরি করছে। বিএনপির পক্ষ থেকে এসব অভিযোগ গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দীন কালু, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, সাবেক সভাপতি রেজাউল হক, বিএনপি নেতা জুলফিকার আলী ভুট্টোসহ দলীয় নেতাকর্মী ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
গাংনীতে বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন



