থাইল্যান্ডে আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় স্বর্ণপদক অর্জন করায় দর্শনায় জাহিদ হাসান জিহাদকে সংবর্ধনা

দর্শনা অফিস
থাইল্যান্ডে অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় স্বর্ণপদক অর্জন করায় দর্শনা পরাণপুর গ্রামের কৃতী সন্তান মোহাম্মদ জাহিদ হাসান জিহাদকে সংবর্ধনা দিয়েছে দর্শনাবাসী। এটি তার দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক পর্যায়ে স্বর্ণপদক অর্জন। গতকাল শুক্রবার বেলা ১১টায় দর্শনা মুক্তমঞ্চে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া ব্যক্তিত্বরা উপস্থিত থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দর্শনা পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও পৌর বিএনপির সমন্বয়ক কমিটির সদস্য হাবিবুর রহমান বুলেট, সমন্বয়ক কমিটির সদস্য প্রভাষক মশিউর রহমান, যুবদল নেতা রিংকু, ওয়াসীম, আরিফ আহম্মেদ, শাহাজাহান আলী, লোকমানসহ অনেকে।
গত ২৯ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতা ‘ওয়ার্ল্ড ঝঞঊগ ইনভেনশন অ্যান্ড ইনোভেশন ২০২৬’-এর আন্তর্জাতিক পর্বে বাংলাদেশ দল স্বর্ণপদক অর্জন করে। বাংলাদেশ ইয়াং সায়েন্টিস্ট অ্যান্ড ইনোভেটরস সোসাইটি (বাইসিস)-এর নেতৃত্বে ‘চুয়াডাঙ্গা সায়েন্স অ্যান্ড রোবোটিক্স ক্লাব’ এই প্রতিযোগিতায় অংশ নেয়।
বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় এক হাজার প্রতিযোগীর অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতাটি মালয়েশিয়া বুক অব রেকর্ডস কর্তৃক রেকর্ড সংখ্যক অংশগ্রহণকারী আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতা হিসেবে স্বীকৃতি পেয়েছে। প্রতিযোগিতার রোবোটিক্স অ্যান্ড ড্রোন ক্যাটাগরিতে চুয়াডাঙ্গা সায়েন্স অ্যান্ড রোবোটিক্স ক্লাবের প্রতিষ্ঠাতা মোহাম্মদ জাহিদ হাসান জিহাদ স্বর্ণপদক অর্জন করেন।
এ প্রতিযোগিতার আয়োজন করে মালয়েশিয়া ইয়াং সায়েন্টিস্ট অর্গানাইজেশন (মাইসো)। অনুষ্ঠানে থাইল্যান্ডে নিযুক্ত মালয়েশিয়ার হাই কমিশনার দাতুক ওয়ান জাইদি ওয়ান আব্দুল্লাহ ও মাইসোর সভাপতি ড. রাজমি বিন আব্দু রাজ্জাক উপস্থিত ছিলেন। বাংলাদেশ প্রতিনিধি দলের সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করেন বাইসিসের প্রোগ্রাম কো-অর্ডিনেটর সাদেকুল ইসলাম ও ওমর মাররওয়ান।
স্থানীয়রা জিহাদের এই সাফল্যে গর্ব প্রকাশ করে বলেন, তার এ অর্জন চুয়াডাঙ্গাসহ দেশের জন্য বড় সম্মান।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।