স্টাফ রিপোর্টার
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় দামুড়হুদা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ উবায়দুর রহমান সাহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ কামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম ও জেলা নির্বাচন অফিসার আহমেদ আলী।
প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসাররা অংশ নেন। দিনব্যাপী প্রশিক্ষণে নির্বাচন পরিচালনার প্রযুক্তিগত ও প্রশাসনিক বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল— আধুনিক ও স্বচ্ছ প্রক্রিয়ায় ভোটগ্রহণের নিয়মাবলি। ব্যালট পেপার ও ব্যালট বাক্সের নিরাপত্তা ও সঠিক ব্যবহার। নির্ভুল ভোটার শনাক্তকরণ ও জালিয়াতি প্রতিরোধ। ভোট গণনা শেষে দ্রুত ও নির্ভুলভাবে ফলাফল প্রেরণ। ভোটকেন্দ্রে কর্মকর্তাদের করণীয় ও বর্জনীয় বিষয়ে নির্দেশনা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, নির্বাচন কমিশনের মর্যাদা রক্ষা ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে কর্মকর্তাদের সততা ও সাহসের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। কোনো অনিয়ম বরদাশত করা হবে না।
পুলিশ সুপার বলেন, ভোটকেন্দ্রের ভেতরে ও বাইরে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে। ভোটাররা যাতে নির্বিঘ্নে কেন্দ্রে আসতে পারেন, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা প্রস্তুত থাকবে।
প্রশিক্ষণ শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপার উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন। এসময় কেন্দ্রের ভৌত অবস্থা, সিসিটিভি ক্যামেরার কার্যকারিতা, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রস্তুতি ও ভোটারদের সুযোগ-সুবিধা পর্যালোচনা করা হয়।
উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিস জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দামুড়হুদা উপজেলার সার্বিক প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে।
দামুড়হুদায় ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত



