চুয়াডাঙ্গায় ‘গণভোট ২০২৬’ বিষয়ক সংলাপে ধর্মীয় নেতারা

স্টাফ রিপোর্টার
‘দেশ মেরামতের সুযোগ এখন আপনারই হাতে’—এই স্লোগানে চুয়াডাঙ্গায় আগামী ২০২৬ সালের গণভোট বিষয়ক ধর্মীয় নেতাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন চুয়াডাঙ্গা জেলা কার্যালয় (জেলা মডেল মসজিদ) মিলনায়তনে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। সুজন-সুশাসনের জন্য নাগরিক-এর উদ্যোগে আয়োজিত সংলাপে মুসলিম, সনাতন ও খ্রিষ্ট ধর্মীয় নেতৃবৃন্দসহ মোট ৪০ জন ধর্মীয় প্রতিনিধি অংশ নেন।
সভাপতির দায়িত্বে ছিলেন সুজন-সুশাসনের জন্য নাগরিক চুয়াডাঙ্গা জেলা কমিটির সভাপতি প্রফেসর মো. সিদ্দিকুর রহমান।
প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশন চুয়াডাঙ্গা জেলার উপপরিচালক এ কে এম শাহীন কবির। বিশেষ অতিথি ছিলেন সুজনের ডিস্ট্রিক ফ্যাসিলিটেটর ও সাংবাদিক মেহেরাব্বিন সানভী, ইসলামিক ফাউন্ডেশন চুয়াডাঙ্গার ফিল্ড অফিসার আব্দুল্লাহ আল মামুন এবং জেলা মডেল মসজিদের ইমাম মিনারুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুজনের ক্যাম্পেইন ফ্যাসিলিটেটর সৌম্যজিতা শ্রুতি।
সভাপতির বক্তব্যে প্রফেসর মো. সিদ্দিকুর রহমান বলেন, একটি আদর্শ ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনে ধর্মের নৈতিক শিক্ষার কোনো বিকল্প নেই। দেশ মেরামতের যে সুযোগ আজ আমাদের সামনে এসেছে, তা কাজে লাগাতে হলে দল-মত নির্বিশেষে সাধারণ মানুষকে সচেতন করতে হবে। আসন্ন ২০২৬ সালের গণভোট কেবল একটি প্রক্রিয়া নয়, এটি জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটানোর অন্যতম মাধ্যম। ধর্মীয় নেতৃবৃন্দ সমাজের আলোকবর্তিকা; আপনারা যদি সাধারণ মানুষকে এই নাগরিক অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন করেন, তবেই একটি স্বচ্ছ ও দায়বদ্ধ শাসনব্যবস্থা গড়ে তোলা সম্ভব। আমরা চাই এমন এক বাংলাদেশ, যেখানে প্রতিটি মানুষের ভোটাধিকার এবং মর্যাদা সুরক্ষিত থাকবে।
প্রধান অতিথি এ কে এম শাহীন কবির বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দেশের উন্নয়ন ও সংস্কার কর্মকাণ্ডে অংশগ্রহণ করা প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব। সংলাপে অন্যান্য বক্তারাও একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ প্রক্রিয়ার মাধ্যমে রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন এবং ২০২৬ সালের সম্ভাব্য নির্বাচনী প্রক্রিয়ায় সক্রিয় জনমত গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।