ঝিনাইদহ প্রতিনিধি
ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চাওয়ার কথা বলে ঝিনাইদহ সদর উপজেলার এক সার ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। অস্ত্রের মুখে বাড়ির সদস্যদের জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোনসহ কয়েক লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতরা। গত মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের বাড়িবাথান গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সার ব্যবসায়ী রওশন আলী জানান, রাত ১০টার দিকে তিনজনের একটি অস্ত্রধারী দল মোটরসাইকেলযোগে তার বাড়িতে আসে। ধানের শীষে ভোট চাওয়ার কথা বলে তারা বাড়িতে প্রবেশ করে। একপর্যায়ে তার বৃদ্ধ মা নাজমা খাতুন, স্ত্রী রিনা খাতুন, সাত বছর বয়সী ছেলে আব্দুস সালাম ও তিন বছর বয়সী ছেলে আব্দুস নুরের হাত-পা বেঁধে মুখে টেপ লাগিয়ে জিম্মি করে। পরে তারা নগদ প্রায় ২ লাখ টাকা ও স্বর্ণালংকারসহ আনুমানিক ৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ঘটনার সময় রওশন আলী বাড়িতে ছিলেন না। পরে রাতে বাড়িতে ফিরে প্রতিবেশীদের সহযোগিতায় পরিবারের সদস্যদের উদ্ধার করেন তিনি।
প্রতিবেশী কৃষক রবিউল ইসলাম বলেন, ভোটের কথা বলে ডাকাতরা বাড়িতে প্রবেশ করে। নির্বাচনের সময় এমন ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এ ঘটনায় রওশন আলী ঝিনাইদহ সদর থানায় অভিযোগ দায়ের করলে বুধবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তিনি বলেন, ভোট চাওয়ার অজুহাতে কয়েকজন ব্যক্তি বাড়িটিতে প্রবেশ করেছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।
নির্বাচনী প্রচারণার নামে ডাকাতি, ব্যবসায়ীর বাড়ি থেকে নগদ-স্বর্ণালংকার লুট



