দর্শনায় ধানের শীষের পক্ষে পথসভা ও গণসংযোগে মাহমুদ হাসান খান বাবু

দর্শনা অফিস
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি ও বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু দর্শনায় ধানের শীষ প্রতীকের পক্ষে নির্বাচনী পথসভা ও গণসংযোগ কর্মসূচি পালন করেছেন।
মঙ্গলবার বিকেল ৩টার দিকে দর্শনা মুক্তমঞ্চ থেকে শুরু করে রাত পর্যন্ত পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বাজার, চায়ের দোকান ও পাড়া-মহল্লায় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। এ সময় ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
পথসভায় মাহমুদ হাসান খান বাবু বলেন, দীর্ঘ ১৭ বছর মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। বিএনপি জনগণের সেই অধিকার ফিরিয়ে দিতে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছে। দেশ কারও ব্যক্তিগত সম্পত্তি নয়, এ দেশ জনগণের—এ মন্তব্য করে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে বৈষম্যহীন সমাজ, আইনের শাসন ও ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, বিএনপি বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করে না। নারীদের মর্যাদা, ধর্মীয় স্বাধীনতা, শ্রমের ন্যায্য মজুরি ও কর্মসংস্থান সৃষ্টি দলের অগ্রাধিকার। আগামী ১২ ফেব্রুয়ারি জনগণ তাদের ভোটের অধিকার প্রয়োগের মাধ্যমে ধানের শীষকে বিজয়ী করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাবু, পৌর বিএনপির সমন্বয়ক কমিটির সদস্য নাহারুল ইসলাম, সমন্বয়ক মাহাবুবুল ইসলাম খোকন, সাংবাদিক শরীফ উদ্দীন শরীফ, সাবেক সভাপতি হাজী খন্দকার শওকত আলী, এনামুল হক শাহ মুকুল, আলহাজ্ব মশিউর রহমান, থানা কৃষকদলের আহ্বায়ক আশরাফুল হক বিপ্লব, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মিঠু, আপু সুলতান, জিয়াউল হক শাহিন, যুবদল নেতা সেলিম মেহবুব লিটন, সিএন্ডএফ ব্যবসায়ী রফিকুল ইসলাম, সাবেক ছাত্রদল নেতা সেলিম মাহফুজ মিল্টনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।