জীবননগর অফিস
জীবননগর উপজেলার উথলীতে সূর্য্য তোরণ ক্লাব আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে সেনেরহুদা মিতালী যুব সংঘকে ৫৪ রানে হারিয়ে ফাইনালে উঠেছে আন্দুলবাড়িয়া ক্রীড়া সংস্থা। গতকাল বুধবার বিকেলে উথলী হাইস্কুল মাঠে অনুষ্ঠিত খেলায় টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় সেনেরহুদা মিতালী যুব সংঘ। ব্যাটিংয়ে নেমে ১৪.২ ওভারে সব উইকেট হারিয়ে ১২৩ রান সংগ্রহ করে আন্দুলবাড়িয়া ক্রীড়া সংস্থা। দলের পক্ষে আলামিন সর্বোচ্চ ৩২ রান করেন। সেনেরহুদার বোলার সুমন দাস ৮ রান দিয়ে ৩ উইকেট নেন। ১২৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে সেনেরহুদা একাদশ। আন্দুলবাড়িয়ার নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে তারা মাত্র ৬৯ রানে অলআউট হয়ে যায়। ফলে ৫৪ রানের জয় নিয়ে ফাইনালে জায়গা করে নেয় আন্দুলবাড়িয়া ক্রীড়া সংস্থা। আন্দুলবাড়িয়া একাদশের শামিম হোসেন ২১ রান করার পাশাপাশি ৩ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। খেলা শেষে তার হাতে পুরস্কার তুলে দেন সূর্য্য তোরণ ক্লাবের ক্রীড়া সম্পাদক রানা আহম্মেদ ও সহকারী ক্রীড়া সম্পাদক তৌহিদুল ইসলাম। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন সবুজ ও আল-আমীন।
উথলীতে ক্রিকেট টুর্নামেন্টে সেনেরহুদাকে হারিয়ে ফাইনালে আন্দুলবাড়িয়া



