মেহেরপুর অফিস
মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রাম থেকে একটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে উপজেলার দারিয়াপুর গ্রামের কদমতলা মোড়ে রাস্তার পাশের একটি ড্রেন থেকে বস্তুটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, কদমতলা এলাকায় আলামিনের বাড়ির সামনে পাকা সড়কের পাশের ড্রেনে লাল টেপে মোড়ানো সন্দেহজনক একটি বস্তু পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বস্তুটি বোমা হতে পারে সন্দেহ করে তারা তাৎক্ষণিকভাবে মুজিবনগর থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুটি উদ্ধার করে নিরাপদে সরিয়ে নেয়।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, দারিয়াপুর গ্রাম থেকে একটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মুজিবনগরে বোমা সদৃশ বস্তু উদ্ধার



