বিষপানের এক সপ্তাহ পর হায়দারপুরের আবু সাইদের মৃত্যু

পদ্মবিলা প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর উপজেলার হায়দারপুর গ্রামে বিষপানের এক সপ্তাহ পর চিকিৎসাধীন অবস্থায় আবু সাইদ (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের হায়দারপুর গ্রামের মোহাম্মদ আলী হোসেন বিনার ছেলে আবু সাইদ গত মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ঘাস পোড়া (কীটনাশক) ওষুধ পান করেন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে কয়েকদিন চিকিৎসা নেওয়ার পর বাড়িতে ফেরেন তিনি। তবে সোমবার সকাল সাড়ে ৮টার দিকে তার অবস্থার অবনতি হলে মৃত্যু হয়।
পরিবারের দাবি, পারিবারিক অভিমান থেকে তিনি বিষপান করতে পারেন। এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রেকর্ড করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।