জীবননগর অফিস
জীবননগরে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ ও ভোট প্রার্থনা করেছেন কেন্দ্রীয় কৃষক দলের সদস্য, জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদিকা এবং চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য মিলিমা বিশ্বাস মিলি। গতকাল সোমবার বিকেলে উথলী বাসস্ট্যান্ড বাজার এলাকায় তিনি সাধারণ ব্যবসায়ী, পথচারী ও ভোটারদের মাঝে ধানের শীষের লিফলেট বিতরণ করেন এবং প্রার্থীর পক্ষে সমর্থন কামনা করেন। গণসংযোগের অংশ হিসেবে তিনি উথলী ইউনিয়ন বিএনপির কার্যালয়ে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় চুয়াডাঙ্গা-১ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম শহিদুল ইসলাম বিশ্বাসের কন্যা মিলিমা বিশ্বাস বলেন, চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বাবু একজন যোগ্য ও জনবান্ধব প্রার্থী। তিনি নির্বাচিত হলে এলাকায় ব্যাপক উন্নয়ন হবে। বেকারদের কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ সার্বিক উন্নয়নে কাজ করবেন তিনি।
তিনি আরও বলেন, সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা লাঘব এবং এলাকার জীবনমান উন্নয়নে বাবু খানের কোনো বিকল্প নেই। একটি সুন্দর ও উন্নত চুয়াডাঙ্গা গঠনে তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা বাস্তবায়নে সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। আগামী ১২ ফেব্রুয়ারি নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি।
উথলীতে ধানের শীষের পক্ষে গণসংযোগে মিলিমা বিশ্বাস



