জীবননগরে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে মাঠ দিবসে কারিগরি আলোচনা

জীবননগর অফিস
জীবননগরে মসলার উন্নত জাত ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত হয়েছে। জীবননগর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গতকাল সোমবার বিকেল ৩টায় জীবননগর পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষ্ণ রায়। জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. ইয়াছিন আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) দেবাশীষ কুমার দাস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পাভেল রানা এবং উপসহকারী কৃষি কর্মকর্তারা শাহ আলম, মাহাবুব বিন সাদিক, শিমুল পারভেজ, আলমগীর হোসেন ও নুরুজ্জামান।
বক্তারা বলেন, দেশে এখনও অনেক মসলা বিদেশ থেকে আমদানি করতে হয়। অথচ পেঁয়াজ, রসুন, আদা, মরিচ, হলুদসহ বিভিন্ন মসলা ফসলের নতুন ও উন্নত জাত উদ্ভাবন করা হয়েছে। এসব ফসলের আবাদ বাড়ানো গেলে স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি বাজারজাত ও রপ্তানির সুযোগ সৃষ্টি হবে।
তারা আরও বলেন, জীবননগরে অধিকাংশ জমিতে পেয়ারা, ড্রাগন, মাল্টা, কুলসহ ফলচাষ হয়। এসব বাগানে সাথী ফসল হিসেবে বিভিন্ন মসলা জাতীয় ফসল চাষ করলে কৃষকরা অতিরিক্ত লাভবান হবেন এবং উৎপাদনও বৃদ্ধি পাবে। মাঠ দিবস ও আলোচনা সভায় প্রায় ১৫০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।