আলমডাঙ্গায় আন্তর্জাতিক জলাভূমি দিবস পালন

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গায় আন্তর্জাতিক জলাভূমি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, পথসভা ও মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছে জীববৈচিত্র্য সংরক্ষণ যুব সংস্থা। এ বছরের প্রতিপাদ্য ছিল জলাভূমি ও ঐতিহ্যগত জ্ঞান সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপন।
গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা মুক্তমঞ্চ থেকে র‌্যালি শুরু হয়ে পদযাত্রার মাধ্যমে আল-তাইয়েবা মোড়ে গিয়ে পথসভায় পরিণত হয়। সংগঠনের সাংগঠনিক সম্পাদক আরাফাত রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করা হয়। পরে বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান। তিনি আলমডাঙ্গার মৃতপ্রায় কুমার নদের বেহাল দশা তুলে ধরে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান।
পরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এস. এম. মাহামুদুল হাসান বলেন, জলাশয় বিলুপ্ত হলে প্রাণীকুল মারাত্মক হুমকির মুখে পড়বে। প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় সবাইকে একযোগে কাজ করতে হবে।
সংগঠনের সভাপতি সাঈদ এম. হিরন স্মারকলিপি পাঠ করেন। স্মারকলিপি পাঠ শেষে র‌্যালিটি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে গিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার উপস্থিত থেকে স্মারকলিপি গ্রহণ করেন এবং জলাভূমি সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, জলাভূমি ধ্বংস হলে জীববৈচিত্র্য বিলীন হয়ে যাবে। একই সঙ্গে কুমার নদে অবৈধ বাঁধ অপসারণের অঙ্গীকার করেন। জীববৈচিত্র্য সংরক্ষণ যুব সংস্থার কার্যক্রমের প্রশংসা করে ভবিষ্যতেও সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি।
পথসভায় আরাফাত রহমান বলেন, জলাভূমি শুধু পানি বা মাছের উৎস নয়—এটি আমাদের সংস্কৃতি, জীবিকা ও জীববৈচিত্র্েযর অবিচ্ছেদ্য অংশ। জলাভূমি ধ্বংস মানেই কৃষি, মৎস্য, পাখি ও মানুষের জীবনের ওপর সরাসরি আঘাত। তিনি অভিযোগ করেন, দখল, দূষণ ও অব্যবস্থাপনার কারণে আলমডাঙ্গার নদ-নদী ও বিলগুলো অস্তিত্ব সংকটে পড়েছে। এখনই কার্যকর উদ্যোগ না নিলে ভবিষ্যৎ প্রজন্ম এর মাশুল দেবে। জলাভূমি রক্ষায় প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আলমডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক আমিরুল ইসলাম জয়, আলমডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রতিনিধি, উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা বন বিভাগের কর্মকর্তা এবং সংগঠনের সদস্যরা।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।