স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টের পুরস্কার বিতরণ করা হয়েছে । গতকাল রবিবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স ইন্ডোর ব্যাডমিন্টন গ্রাউন্ডে এ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। পুলিশ সুপার পত্নী ও পুনকের সভানেত্রী ডাঃ রোকেয়া আক্তারের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জামাল আল নাসের, অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) আনোয়ারুল ইসলাম।
অতিরিক্ত পুলিশ সুপার( অর্থ ও প্রশাসন)মোহাম্মদ মিনহাজ-উল ইসলামের সঞ্চলানায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পুলিশের আর আই আব্দুস সামাদ, ইন্সপেক্টর খসরুজ্জামান, কোর্ট ইন্সপেক্টর নাসির উদ্দিনসহ পুলিশের পদস্থ কর্মকর্তাগণ।
এ সময় পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, পুলিশের নিরবছিন্ন কঠিন দায়িত্ব পালনের ফাঁকে একটু শরীর চর্চা, সংস্কৃতি অনুষ্ঠান ও বিনোদন পুলিশের কাজের প্রতি আরো মনোযোগ সৃষ্টি করবে। তাই ব্যস্ততম সময়ের মধ্য থেকে একটু সময় করে নিয়ে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের মধ্যে এ ধরনের প্রতিযোগিতা পুলিশের মধ্যে যেমন ভাতৃত্ব তৈরি করে। জেলা পুলিশের মনোবল চাঙ্গা করতে এবং কর্মের প্রতি যত্নবান হতে এ ধরণের আয়োজন অব্যাহত থাকবে”।
বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার মধ্যে ছিল দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতা, ভলিবল (পুরুষ) প্রতিযোগিতা, নারী পুলিশ সদস্যদের জন্য হাড়িভাঙ্গা, চেয়ার সিটিং ও ভারসাম্য দৌড় প্রতিযোগিতা। ব্যাডমিন্টন প্রতিযোগিতায় অফিসার পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোস্তাফিজুর রহমান-সহকারী পুলিশ সুপার আনোয়ারুল ইসলাম জুটি। এছাড়া আন্তঃ ইউনিট দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতায় পুলিশ লাইন্স রিজার্ভ অফিসের এএসআই (নিরস্ত্র) রেজোয়ান আহম্মেদ – আমিনুল ইসলাম জুটি ২-০ সেটে পুলিশ লাইন্সের কনস্টেবল রাকিব-মেহেদি জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতায় সকলের মন জয় করে চমৎকার খেলে ম্যান অব দ্যা ফাইনালের পুরস্কার জিতে নেন এএসআই রেজোয়ান আহম্মেদ। আন্তঃ ইউনিট ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স ভলিবল দল। ফাইনালে পুলিশ লাইনস ভলিবল দল ২-০ সেটে চুয়াডাঙ্গা (সদর ট্রাফিক+সদর কোর্ট) ভলিবল দলকে পরাজিত করে।
জেলা পুলিশের আন্তঃ ইউনিট বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টগুলো পরিচালনার সার্বিক দায়িত্বে ছিলেন পুলিশ লাইনস ডিস্টোর ইনচার্জ এএসআই রবীন্দ্রনাথ সরকার। ব্যাডমিন্টন প্রতিযোগিতাটি পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন কনস্টেবল মেহেদী, নাহিদ, আলামিন, বিধান ও আবুল হোসেন। সপ্তাহব্যাপী অনুষ্ঠিত প্রতিযোগিতার সকল ইভেন্ট শেষে বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে ট্রফি ও ব্যক্তিগত পুরস্কার তুলেদেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম ও পুলিশ সুপার-পত্নী পুনাক সভানেত্রী ডাক্তার রোকেয়া আক্তার। এর আগে অতিথি শিল্পী মাইশা জাহান সাবা ও প্রমিলা পুলিশ কনস্টেবল নিতিকার নৃত্য পরিবেশন করেন।
চুয়াডাঙ্গা জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ



