বটিয়াপাড়া গ্রামে জমি বিরোধে আপন তিন ভাই, এক ভাইকে হয়রানির অভিযোগ

স্টাফ রিপোর্টার
আলমডাঙ্গার বটিয়াপাড়া গ্রামে আপন তিন ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এই বিরোধকে কেন্দ্র করে দুই ভাই তাদের অপর এক ভাইকে নানাভাবে হয়রানি করছে বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত ও ভুক্তভোগীরা হলেন গ্রামের আব্দুর সাত্তারের তিন ছেলে: বড় ভাই বাবুল (৫৫), মেজো ভাই বিপুল (৪৭) এবং ছোট ভাই শিমুল (৩০)।
ভুক্তভোগী বিপুল অভিযোগ করে জানান, তার আপন দুই ভাই বাবুল ও শিমুল দীর্ঘদিন ধরে তাকে জমি সংক্রান্ত মামলা তুলে নেওয়ার জন্য হুমকি ও চাপ দিয়ে আসছেন। তার দাবি, মামলাটি প্রত্যাহার না করলে তার ফসলি জমি নষ্ট করা হবে। তিনি দীর্ঘদিন ঢাকায় একটি কোম্পানিতে চাকরি করতেন। সম্প্রতি নিজ এলাকায় ফিরে এসে পারিবারিক জমিজমা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে চরম হয়রানির শিকার হচ্ছেন। তার অভিযোগ, দুই ভাই প্রশাসনের বিভিন্ন দপ্তরে প্রভাব খাটিয়ে তাকে নানাভাবে চাপের মধ্যে রেখেছেন।
তিন ভাই ও তিন বোনের মোট ২৭ বিঘা সম্পত্তি নিজেদের মধ্যে বণ্টন করা হয়। সালিসে প্রত্যেকের জমি নির্ধারিতভাবে ভাগ করে দেওয়া হলেও বিপুলের অংশ নিয়ে দীর্ঘদিন ধরে গোলযোগ সৃষ্টি করে আসছেন বাবুল ও শিমুল। তিনি বলেন, মামলা তুলে নেওয়ার জন্য আমাকে বারবার হুমকি দেওয়া হচ্ছে। আমার ফসলি জমি নষ্ট করার চেষ্টা চলছে। আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।
এ বিষয়ে অভিযুক্ত বাবুল ও শিমুলের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।