চুয়াডাঙ্গায় বৈষম্যহীন ৯ম পে-স্কেলের দাবিতে ৩য় ও ৪র্থ শ্রেণির সরকারি কর্মচারীদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় বৈষম্যহীন ৯ম পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়নের এক দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সরকারি ৩য় ও ৪র্থ শ্রেণি কর্মচারীরা। গতকাল রবিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গার জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে  মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, আমরা স্বৈরাচারী সরকার দেখেছি, আমরা ফ্যাসিবাদী সরকারও দেখেছি। কিন্তু বর্তমান সরকার আমাদের সঙ্গে যে ধরনের মিথ্যাচার শুরু করেছেন, তাতে আমরা আপনাদের জাতীয় মিথ্যাবাদী বলতে চাই না কারণ আমরা অপমান চাই না, আমরা চাই ন্যায্য অধিকার। আমরা পে-স্কেল চাই। এই পে-স্কেলের টাকা দিয়ে আমরা জমি কিনতে চাই না, বউয়ের জন্য গয়না কিনতে চাই না, ছেলে-মেয়েকে আমেরিকা কিংবা লন্ডনে পড়াতেও পাঠাতে চাই না। আমরা এই পে-স্কেলের টাকা দিয়ে শুধু চাল-ডাল কিনে একটু খেয়ে বেঁচে থাকতে চাই। ৯ম পে-স্কেল বাস্তবায়ন না করার অজুহাতে আমাদের আন্দোলনবিহীন একটি কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটি এক বছর ধরে প্রায় ৫০০ কোটি টাকা ব্যয় করেছে। আজ আমাদের স্পষ্ট করে জানাতে হবে এই বিপুল অর্থ কোথায় ব্যয় হয়েছে, কারা এর জন্য দায়ী, এবং কোনো অনিয়ম বা আত্মসাতের ঘটনা ঘটেছে কি না।
বক্তারা আরো বলেন, আমরা স্বচ্ছতা ও জবাবদিহিতা চাই। জনগণের অর্থের হিসাব জনগণকেই দিতে হবে এটাই ন্যায়ের দাবি। নবম পে-স্কেল বাস্তবায়ন আমাদের অধিকার, কোনো দয়া নয়। এই ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা শান্তিপূর্ণ ও আইনসম্মত আন্দোলনের মাধ্যমে আমাদের দাবি জোরালোভাবে তুলে ধরব এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনতে দৃঢ় থাকব। দীর্ঘদিন ধরে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা ন্যায্য বেতন কাঠামো থেকে বঞ্চিত। জাতীয় বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী ৯ম পে-স্কেল বাস্তবায়ন করা হলে কর্মচারীদের জীবনমান উন্নত হবে এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে। আমাদের দাবি খুব বড় কিছু নয়, আমাদের দাবি খুব স্পষ্ট আমরা নবম পে-স্কেল চাই।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সমন্বয় পরিষদের সিনিয়র সভাপতি হামিদুর রহমান। ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল হান্নান। আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুর রহমান, শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মামুন প্রমুখ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।