তিতুদহে জামায়াতের মনোনীত প্রার্থী রুহুল আমিনের গণসংযোগ

তিতুদহ প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চুয়াডাঙ্গা-২ আসনের প্রার্থী ও জেলা আমির অ্যাডভোকেট রুহুল আমিন তিতুদহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন। গতকাল রবিবার দিনব্যাপী তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দলের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট প্রার্থনা করেন।
গণসংযোগকালে রুহুল আমিন ইউনিয়নের ৯টি ওয়ার্ড ও গিরিশনগর বাজার এলাকায় ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় স্থানীয় জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ ও কর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন। তারা বাড়ি বাড়ি গিয়ে দলের আদর্শ, নীতিমালা ও কর্মসূচি তুলে ধরেন এবং নির্বাচনে সমর্থন কামনা করেন।
পরে গিরিশনগর বাজারে অবস্থিত জামায়াতে ইসলামী শাখা কার্যালয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট রুহুল আমিন বলেন, জামায়াতে ইসলামী ন্যায়ভিত্তিক ও ইনসাফনির্ভর সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। জনগণের আস্থা ও ভালোবাসাই তাদের শক্তি। রাষ্ট্রক্ষমতায় গেলে দুর্নীতিমুক্ত, শোষণহীন ও কল্যাণমুখী সমাজ গঠনে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, দেশের বর্তমান সংকট নিরসনে মূল্যবোধভিত্তিক রাজনীতি প্রয়োজন এবং উন্নয়ন, সততা ও সেবার রাজনীতি প্রতিষ্ঠাই তাদের লক্ষ্য। সভায় স্থানীয় জনগণ উপস্থিত থেকে বিভিন্ন সমস্যা ও উন্নয়নসংক্রান্ত প্রত্যাশার কথা তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন তিতুদহ ইউনিয়ন জামায়াতে ইসলামী আমির রাফিজ মাস্টার, সেক্রেটারি মাহাবুব হোসেন, জামায়াত নেতা লিটন মিয়া, তরিকুল ইসলাম, দেলোয়ার হোসেন, রাজ্জাক হোসেনসহ ইউনিয়নের অন্যান্য নেতাকর্মীরা। দিনব্যাপী গণসংযোগকে কেন্দ্র করে এলাকায় নির্বাচনী পরিবেশে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।