বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। ভাষার মাস ফেব্রুয়ারি উপলক্ষে সভার শুরুতে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। পরে উপ-কমিটি গঠন, নতুন গঠনতন্ত্র প্রণয়নসহ সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। গতকাল রবিবার সকাল ১১টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের হলরুমে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম। সভা সঞ্চালনা করেন বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সাধারণ সম্পাদক হুসাইন মালিক।
সভায় নির্ধারিত এজেন্ডা অনুযায়ী গত সভার রেজুলেশন পাঠ করে সাংবাদিক সমিতির সহ-সভাপতি মোঃ পলাশ উদ্দীন এরপর তা সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়।
এরপরে কার্যনির্বাহী কমিটির সদস্যরা সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, সাংগঠনিক কাঠামো ও প্রশাসনিক বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন। আলোচনার ভিত্তিতে সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে তিনটি গুরুত্বপূর্ণ উপ-কমিটি গঠন করা হয়।
বাংলাদেশ সাংবাদিক সমিতির নতুন করে গঠনতন্ত্র প্রণয়নের লক্ষ্যে পাঁচ সদস্যবিশিষ্ট একটি উপ-কমিটি গঠন করা হয়। এই উপ-কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয় বাংলাদেশ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক হুসাইন মালিককে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি মোঃ পলাশ উদ্দিন, প্রচার প্রকাশনা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ মশিউর রহমান, অর্থ সম্পাদক আলমগীর কবির শিপলু এবং কার্যনির্বাহী সদস্য মোঃ আজাদ হোসেন।
এছাড়াও জাতীয় দিবস, বাংলাদেশ সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী পালনসহ বিভিন্ন অনুষ্ঠান ও সাংস্কৃতিক কার্যক্রম বাস্তবায়নের জন্য একটি অনুষ্ঠান ও সাংস্কৃতিক উপ-কমিটি গঠন করা হয়। এই উপ-কমিটির আহ্বায়ক হিসেবে মনোনীত হন প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মশিউর রহমান। কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পান অর্থ সম্পাদক আলমগীর কবির শিপলু ও কার্যনির্বাহী সদস্য আলম আশরাফ।
পাশাপাশি সংগঠনের ক্রীড়া কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ক্রীড়া বিষয়ক উপ-কমিটি গঠন করা হয়। এই উপ-কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয় ক্রীড়া সম্পাদক শামসুজ্জোহা রানাকে। কমিটির সদস্য হিসেবে থাকছেন সহ-সাধারণ সম্পাদক শামীম রেজা এবং দপ্তর সম্পাদক সনজিৎ কর্মকার।
সভায় বিবিধ আলোচনায় বাংলাদেশ সাংবাদিক সমিতির সাইনবোর্ড স্থাপন, অফিস কক্ষের ডেকোরেশন, পূর্ববর্তী কমিটির দায়িত্ব পালনকারী সদস্য ও দাতা সদস্যদের নামের তালিকা সংবলিত বোর্ড তৈরির বিষয়েও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন ও সাধারণ সম্পাদক শাহ আলম সনি। তাঁরা বক্তব্যে বাংলাদেশ সাংবাদিক সমিতির সকল কার্যক্রমে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে সভার কার্যক্রম শেষ হয়। সমাপনী বক্তব্যে বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সভাপতি অ্যাড. রফিকুল ইসলাম সংগঠনের ঐক্য, পেশাগত মানোন্নয়ন ও দায়িত্বশীল সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সহ-সভাপতি মোঃ পলাশ উদ্দীন, সহ-সাধারণ সম্পাদক শামীম রেজা, অর্থ সম্পাদক আলমগীর কবির শিপলু, প্রচার প্রকাশনা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ মশিউর রহমান, ক্রীড়া সম্পাদক শামসুজ্জোহা রানা, দপ্তর সম্পাদক সনজিৎ কর্মকার, কার্যনির্বাহী সদস্য মিজানুল হক, মোঃ আজাদ হোসেন, আলম আশরাফ। এছাড়া কার্যনির্বাহী সদস্য চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন, সাধারণ সম্পাদক শাহ আলম সনি।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।