আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য পরিষদের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য পরিষদের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় উদ্ভাস সাহিত্য পরিষদের সভাপতির অফিস কক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উদ্ভাস সাহিত্য সংস্থার সভাপতি কবি কহন কুদ্দুস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গার কৃতি সন্তান ও গবেষক ড. খন্দকার মুশফিকুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, উদ্ভাস সাহিত্য পরিষদের সঙ্গে প্রতিষ্ঠালগ্ন থেকেই তিনি জড়িত। দীর্ঘ পথচলায় সংগঠনটি আলমডাঙ্গার সাহিত্যাঙ্গনে একটি পরিচিত ও প্রিয় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এ সময় তাঁর সহধর্মিণী মাফরুহা আলমকে সাহিত্য সম্মাননা প্রদান করায় আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
তিনি আরও বলেন, সাহিত্য সমাজের দর্পণ হিসেবে কাজ করে, মানুষকে মানবিক করে তোলে এবং একটি জাতিকে উন্নত ও সুন্দর ভবিষ্যতের পথে এগিয়ে নেয়। তাই সাহিত্যচর্চা অব্যাহত রাখা প্রয়োজন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম, হারদী মীর শামসুদ্দীন আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও বিশিষ্ট সাহিত্যিক কবি আনোয়ার রশিদ সাগর, কবি-লেখক ইমদাদুল হক, লেখক-গবেষক ড. হেলাল উদ্দিন, আলাউদ্দিন আহমেদ পাঠাগারের পরিচালক কবি গোলাম রহমান চৌধুরি, প্রভাষক ও সাংবাদিক খায়রুল ইসলাম, সিনিয়র শিক্ষক ও ছড়াকার মানোয়ার হোসেন, ব্যাংকার-কবি মোস্তাফিজুর রহমান ফারায়েজি, কবি সিদ্দিকুর রহমান, প্রধান শিক্ষক হারুন অর রশীদ, কবি কাজল আহমেদসহ অনেকে।
অনুষ্ঠানে আলমডাঙ্গা কলেজপাড়ার বিশিষ্ট লেখক, কবি ও গবেষক মাফরুহা আলমকে সাহিত্য সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।