জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে জীবননগরে সরকারি কর্মচারীদের মানববন্ধন ও বিক্ষোভ

জীবননগর অফিস
৯ম জাতীয় পে-স্কেল দ্রুততম সময়ে বাস্তবায়নের দাবিতে জীবননগরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সরকারি কর্মচারীরা। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ জীবননগর উপজেলা শাখার উদ্যোগে কেন্দ্র ঘোষিত এ কর্মসূচি গতকাল রবিবার সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে একটি বিক্ষোভ মিছিল উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা ন্যায্য বেতন কাঠামোর দাবিতে আন্দোলন করে আসছেন। কিন্তু ৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নে এখনো সরকার কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। তারা নির্বাচনের আগেই পে-স্কেল বাস্তবায়নের দাবি জানান।
বক্তারা আরও বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বর্তমান বেতনে জীবনযাপন অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। দ্রুত জাতীয় পে-স্কেল বাস্তবায়ন না হলে আগামী দিনে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মো. রাকিব উদ্দিন, তরিকুল ইসলাম, মো. রুহুল আমিন, আলী কদর, কাজল আহমেদ, মো. খালিদ হোসেন, ওয়াসিম আকরাম, মো. আবুল হোসেন, আব্দুর রশিদ, হুমায়ুন কবীরসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মচারীরা।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।