তিতুদহে কৃষকদের ফসলি জমিতে বন্যশুকরের তাণ্ডব

তিতুদহ প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের তিতুদহ, গিরিশনগর, ৬৩ নম্বর আড়িয়া ও ছোটশলুয়া এলাকার কৃষকরা বর্তমানে দুঃসময় পার করছেন। কয়েক সপ্তাহ ধরে এসব এলাকার ফসলি জমিতে বন্যশুকরের আক্রমণ বেড়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন তারা। কৃষকদের অভিযোগ, রাতের অন্ধকারে দল বেঁধে মাঠে নেমে আসছে বন্যশুকরের পাল। তারা আলু, মটরশুঁটি, ভুট্টা, ধানসহ বিভিন্ন ফসল নষ্ট করছে। এতে একদিকে কৃষকের শ্রম বিফলে যাচ্ছে, অন্যদিকে বাড়ছে আর্থিক ক্ষতি। ৬৩ নম্বর আড়িয়া গ্রামের কৃষক দেলওয়ার হোসেন বলেন, রাতে ফসলের জমিতে পাহারা না দিলে পুরো ক্ষেত নষ্ট করে দেয় বন্যশুকর। তাই এখন পালাক্রমে রাত জেগে পাহারা দিতে হচ্ছে।
স্থানীয়দের মতে, আগে এভাবে বন্যশুকরের উৎপাত ছিল না। তবে সাম্প্রতিক বছরগুলোতে পার্শ্ববর্তী ঝোপঝাড় ও বনাঞ্চলে আশ্রয় নেওয়া এসব প্রাণী খাদ্যের সন্ধানে গ্রামাঞ্চলের ফসলি জমিতে ঢুকে পড়ছে।
তিতুদহ ইউনিয়নের পরিবেশকর্মী আহসান হাবীব শিপলু জানান, বিষয়টি ইতোমধ্যে স্থানীয় প্রশাসন ও বন বিভাগকে অবহিত করা হয়েছে। কৃষকদের ক্ষতি কমাতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
এদিকে কৃষকরা প্রশাসনের কাছে বন্যশুকরের আক্রমণ থেকে রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। অন্যথায় চলতি মৌসুমের ফসল ঘরে তোলা কঠিন হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন তারা।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।