জীবননগরে জামায়াতে ইসলামীর গণসংযোগে রুহুল আমীন

জীবননগর অফিস
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চুয়াডাঙ্গা-২ আসনের সম্ভাব্য প্রার্থী ও জেলা আমীর রুহুল আমীন নির্বাচনী প্রচার-প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। গতকাল শনিবার জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেন তিনি। এ সময় দলীয় প্রতীক দাঁড়িপাল্লায় ভোট প্রার্থনা করেন এবং স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।
পরে হাসাদাহ বাজারে জামায়াতে ইসলামীর শাখা কার্যালয়ে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন রুহুল আমীন। তিনি বলেন, “জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় গেলে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করবে। দুর্নীতিমুক্ত ও শোষণহীন সমাজ গঠনে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। সরকারি, আধা-সরকারি ও ব্যবসা-বাণিজ্যের সব ক্ষেত্রে দুর্নীতি চিরতরে নির্মূল করা হবে।”
তিনি আরও বলেন, শূন্য থেকে পাঁচ বছর বয়সী শিশুদের জন্য সরকারি পর্যায়ে বিনামূল্যে চিকিৎসাসেবা চালু করা হবে, যা আমাদের নির্বাচনী ইশতেহারের অন্যতম অঙ্গীকার। আমরা সবার জন্য কর্মসংস্থান নিশ্চিত করতে চাই।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান, জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা ইসরাইল হুসাইন, জেলা ছাত্রশিবিরের সভাপতি সাগর আহমেদ, জীবননগর উপজেলা সেক্রেটারি মাহফুজুর রহমান, উপজেলা শ্রমিক কল্যাণ বিভাগের সভাপতি কামাল উদ্দীন, কর্মপরিষদ সদস্য আব্দুস সালাম, হাসাদাহ ইউনিয়ন আমির আকতারুজ্জামান, নায়েবে আমির আবুল কাশেম, সেক্রেটারি লাল্টু মিয়া, সহ-সেক্রেটারি আজিবর রহমান, নির্বাচন পরিচালক শফিকুল ইসলাম শিমুল, বায়তুলমাল সম্পাদক তোফাজ্জেল হোসেন, তারবিয়াত সম্পাদক ওলিয়ার রহমান ও ৫ নম্বর ওয়ার্ড সভাপতি সোহাগ মোল্লাসহ স্থানীয় নেতাকর্মীরা।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।