গাংনীতে পাওয়ার টিলারের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

মেহেরপুর অফিস
মেহেরপুরের গাংনী উপজেলায় ইটবোঝাই ইঞ্জিনচালিত পাওয়ার টিলারের ধাক্কায় কালু মন্ডল (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া মহাসড়কের বাঁশবাড়িয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কালু মন্ডল গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের নিত্যনন্দনপুর গ্রামের হর্ষ মন্ডলের ছেলে।
নিহতের চাচাতো ভাই খোকন মন্ডল জানান, কালু মন্ডল মেয়ের কাছে পার্সেল পাঠানোর উদ্দেশ্যে গাংনী বাজারের একটি কুরিয়ার সার্ভিসে গিয়েছিলেন। সেখান থেকে বাড়ি ফেরার পথে বাঁশবাড়িয়া বাজারে ওষুধ কেনার জন্য রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি ইটবোঝাই পাওয়ার টিলার তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত পাওয়ার টিলারটিতে কোনো লাইট ছিল না এবং অতিরিক্ত গতির কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। স্থানীয় জনতা গাড়িটি আটক করেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।