আলমডাঙ্গা অফিস
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্যভাবে সম্পন্ন করার লক্ষ্যে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের জন্য একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১২টার দিকে আলমডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো. কামাল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো ধরনের অনিয়ম, প্রভাব বা চাপের কাছে নতি স্বীকার না করে সংবিধান ও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার মনিরুল ইসলাম। তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল কার্যক্রম। এ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ভোটগ্রহণ কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাহমিনুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মাসুম বিল্লাহ, চুয়াডাঙ্গা বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসান হাবিব এবং পল্লী বিদ্যুতের ডিজিএম জসীমউদ্দীন। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন জীবননগর উপজেলা নির্বাচন কর্মকর্তা কামরুল হাসান।
দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় ভোটগ্রহণ পদ্ধতি, ব্যালট পেপার ও ব্যালট বাক্স ব্যবস্থাপনা, ভোটার শনাক্তকরণ প্রক্রিয়া, ভোট গণনা, ফলাফল প্রণয়ন এবং যথাসময়ে ফলাফল প্রেরণ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করা হয়।
আলমডাঙ্গায় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা



