স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় অনুষ্ঠিত আরপিএল (রিভার প্রিমিয়ার লিগ) সিজন-১০ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে পদ্মা চ্যালেঞ্জার্স। গতকাল শুক্রবার বিকেল ৩টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে তারা শক্তিশালী দল যমুনা ক্যাপিটালসকে ৬ উইকেটে পরাজিত করে শিরোপা জিতে নেয়।
টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন যমুনা ক্যাপিটালসের অধিনায়ক সাজু। নির্ধারিত ১১ ওভারে যমুনা ক্যাপিটালস ৯৯ রান সংগ্রহ করে। দলের ব্যাটসম্যানরা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও পদ্মা চ্যালেঞ্জার্সের নিয়ন্ত্রিত বোলিংয়ে বড় সংগ্রহ গড়া সম্ভব হয়নি।
জবাবে ব্যাটিংয়ে নেমে পদ্মা চ্যালেঞ্জার্স দারুণ ব্যাটিং নৈপুণ্য প্রদর্শন করে মাত্র ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় এবং আরপিএল সিজন-১০-এর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় পদ্মা চ্যালেঞ্জার্সের হৃদয় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। টুর্নামেন্টে সর্বাধিক উইকেট শিকার করেন একই দলের ডালিম এবং সর্বোচ্চ রান সংগ্রাহক হন স্বপন। এছাড়া পুরো টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত ব্যাটিং ও বোলিং নৈপুণ্য দেখিয়ে ১৪১ রান ও ৪টি উইকেট শিকার করে পদ্মা চ্যালেঞ্জার্সের স্বপন ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন।
খেলা শেষে চুয়াডাঙ্গা সরকারি কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মো. দেলোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার স্থানীয় পত্রিকার প্রতিনিধি রানা মাসুদ। অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন দুই দলের চার অধিনায়ক। আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন আরিফ ও শরীফ এবং স্কোরারের দায়িত্বে ছিলেন সাব্বির, রাজু ও জাহিদ।
খেলা শেষে অতিথিরা বলেন, সুস্থ দেহ ও সুন্দর মন গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। টুর্নামেন্টের সার্বিক পরিচালনায় ছিলেন আরপিএলের সকল সদস্যবৃন্দ।
চুয়াডাঙ্গায় আরপিএল সিজন-১০ ক্রিকেটে পদ্মা চ্যালেঞ্জার্স চ্যাম্পিয়ন



