ঝিনাইদহ অফিস
ঝিনাইদহ-২ আসনের ১১ নম্বর পদ্মাকর ইউনিয়নের ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুর ও অচিন্তানগর গ্রামে বিএনপির উদ্যোগে পৃথক দুটি নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে এসব সভা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় লক্ষ্মীপুর গ্রামে এবং সকাল ১১টায় অচিন্তানগর গ্রামে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন ঝিনাইদহ-২ আসনের ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি মো. আব্দুল মজিদ।
সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, ১১ নম্বর পদ্মাকর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেনসহ কৃষক দল, তাঁতি দল, যুবদল ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে মো. আব্দুল মজিদ বলেন, তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে সবার আগে বাংলাদেশ গড়তে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। প্রতিহিংসার রাজনীতি বাংলাদেশে আর চলবে না, পদ্মাকর ইউনিয়নেও চলবে না। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে বিপুল ভোটে ধানের শীষকে বিজয়ী করে দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে হবে।
এদিকে, দুপুর ১২টার দিকে পদ্মাকর ইউনিয়নের মাওলানাবাদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে নতুন ভোটারদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় নতুন ভোটারদের মাঝে কলম ও ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়।
ঝিনাইদহের পদ্মাকর ইউনিয়নে ধানের শীষের পক্ষে বিএনপির নির্বাচনী সভা



