স্টাফ রিপোর্টার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের কয়রাডাঙ্গা এলাকায় আইন-শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন ও হামলার অভিযোগ উঠেছে।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটার দিকে আলমডাঙ্গার চিংলা ইউনিয়নের কয়রাডাঙ্গা এলাকায় জামায়াত মনোনীত চুয়াডাঙ্গা-১ আসনের এমপি প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলের পক্ষে কয়েকজন মহিলা কর্মি নির্বাচনের বিধিমালা অনুযায়ী নির্বাচনী প্রচারণা চালাচ্ছিল। এ সময় প্রতিপক্ষের নেতাকর্মীরা বাধা প্রদান ও হামলা চালায়।
স্থানীয়দের অভিযোগ, অভিযুক্তরা প্রকাশ্যে নির্বাচন কমিশনের নির্দেশনা ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ভোটারদের ভয় দেখায় এবং এলাকাবাসীর স্বাভাবিক চলাচল ও কার্যক্রম ব্যাহত করে। এতে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতার সৃষ্টি হয়। এ ঘটনায় কয়রাডাঙ্গা এলাকার বাসিন্দা বিশারত আলীর স্ত্রী মোছা: ময়না খাতুন নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান এবং যুগ্ম জেলা দায়রা জজ ১ম আদালত, চুয়াডাঙ্গার কাছে একটি লিখিত আবেদন করেছেন। আবেদনে তিনি অভিযুক্তদের বিরুদ্ধে প্রতিরোধমূলক ও শাস্তিমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড যেন পুনরায় না ঘটে সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের অনুরোধ জানান। এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
কয়রাডাঙ্গায় জামায়াত প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় বাধা



