নির্বাচনী নিরাপত্তায় ঝিনাইদহ-মাগুরায় ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন

জীবননগর অফিস
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে ঝিনাইদহ ও মাগুরার ১০টি উপজেলায় ১৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হবে। নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করতে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) ১০টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবে। গতকাল বৃহস্পতিবার যশোর দক্ষিণ-পশ্চিম রিজিয়নের ব্যবস্থাপনায় মহেশপুর ব্যাটালিয়ন কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে বলা হয়, বিজিবি সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব ও আনসারের সঙ্গে যৌথভাবে দায়িত্ব পালন করবে। সীমান্তবর্তী একটি উপজেলায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামী ২৯-৩১ জানুয়ারি নির্বাচনী দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবি মোতায়েন সম্পন্ন হবে।
মোতায়েনের পর দুই জেলার গুরুত্বপূর্ণ ৫৫টি স্থানে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম ও ভোটকেন্দ্রের নিরাপত্তায় টহল চালানো হবে। বিজিবি নির্বাচনী সময় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।
যশোর রিজিয়ন সদর দপ্তরের অধীনে ৭টি ব্যাটালিয়নের মাধ্যমে ১৮টি জেলায় ১০৮টি উপজেলায় মোট ৬২টি সংসদীয় আসনে প্রায় ১৮৩ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করবে। সারাদেশে প্রায় ৩৭ হাজার বিজিবি সদস্য নির্বাচনী দায়িত্বে নিয়োজিত থাকবেন।
ব্রিফিংয়ে ২০২৫ সালের মহেশপুর ব্যাটালিয়নের সফল অভিযানের তথ্য তুলে ধরা হয়। গত বছরে সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী অভিযানে ৪১ জন আসামিসহ প্রায় ৩৮ কোটি ২৭ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক করা হয়েছে। মাদকবিরোধী অভিযানে প্রায় ৯ কোটি ৬২ লাখ টাকার মাদক জব্দ করা হয়েছে, এবং ২৮ জন আসামিকে আটক করা হয়েছে।
লেঃ কর্নেল মোঃ রফিকুল আলম, পিবিজিএম, পিএসসি, পদাতিক বলেন, “সীমান্ত সুরক্ষা ও নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক সমাজ ও সাধারণ মানুষের সহযোগিতা অপরিহার্য। সীমান্ত সুরক্ষিত থাকলে দেশ সুরক্ষিত থাকবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।