দামুড়হুদা অফিস
দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়নের বেড়বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গণভোট বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়। বেড়বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খাজাউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেমায়েতপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য শওকত আলী মালিতা।
প্রধান অতিথির বক্তব্যে শওকত আলী মালিতা বলেন, গণভোটকে ‘হ্যাঁ’ বলা মানেই দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারাকে এগিয়ে নেওয়া। দেশকে আরও সামনে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে গণভোটের পক্ষে থাকতে হবে এবং ‘হ্যাঁ’ ভোট প্রদান করতে হবে।
আলোচনা সভায় গণভোটের গুরুত্ব, প্রয়োজনীয়তা ও এর মাধ্যমে জনগণের মতামত প্রকাশের সুযোগ সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন আল-আশরাফুল ইসলাম ডালিম। তিনি উপস্থিত সবাইকে গণভোটের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে সাংবাদিক সাইদুর রহমান, আমিরুল ইসলাম, ছানোয়ার হোসেনসহ অন্যান্যরা। অতিথিরা গণভোট কী, কেন গণভোট প্রয়োজন এবং গণভোটের মাধ্যমে কী কী সুবিধা পাওয়া যায় সে বিষয়ে উপস্থিত নারী-পুরুষের মাঝে বিস্তারিত আলোচনা করেন।
সভায় প্রায় শতাধিক নারী ও পুরুষ অংশগ্রহণ করেন। আলোচনা সভাটি সঞ্চালনা করেন বেড়বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খাজের আলী।
নতিপোতায় গণভোট বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত



