জীবননগরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

জীবননগর অফিস
যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় জীবননগরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টায় জীবননগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চত্বরে আয়োজিত কৃষি মেলার মঞ্চে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং উপসহকারী কৃষি কর্মকর্তা ইয়াছিন আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. পাভেল রানা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বকুল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তারা—শাহ আলম, আমানুর রহমান, রাজিব হাসান, নুরুজ্জামান, শিমুল পারভেজ, মো. আজিজ, মাহাবুব বিন সাদিক, কৃষি উদ্যোক্তা জাহিদুল ইসলাম, রাজিবুল হাসানসহ সংশ্লিষ্টরা।
মেলায় মোট ১৪টি স্টলে কৃষি উদ্যোক্তারা তাদের উৎপাদিত বিভিন্ন কৃষিপণ্য ও আধুনিক কৃষি প্রযুক্তি প্রদর্শন করেন। মেলাটি স্থানীয় কৃষকদের মধ্যে নতুন প্রযুক্তি সম্পর্কে আগ্রহ সৃষ্টি এবং টেকসই কৃষি চর্চা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে বক্তারা মত প্রকাশ করেন। আলোচনা সভা শেষে কৃষি উদ্যোক্তা ও স্টলে অংশগ্রহণকারী কৃষকদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।