ভাংবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৫ সালের বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টায় বিদ্যালয়ের ফুটবল মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতা ও বাস্তবায়নে ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও ভাংবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. সানোয়ার হোসেন লাড্ডু।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. লতিফ মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. সানোয়ার হোসেন লাড্ডু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান, সহ-সভাপতি মজিরুল ইসলাম বিজু, ভাংবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম জোয়ার্দ্দার এবং চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাজিবুল হক রাজন।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য তরিকুল ইসলাম, আহসান আলী, শাহারবানুসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকরা।
অনুষ্ঠানের শেষপর্বে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রতিটি শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী মোট ১৫ জন কৃতি শিক্ষার্থীর হাতে প্রধান অতিথি নগদ অর্থ পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভাংবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক একেএম জাহিদ হোসেন জিন্টু।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।