আলমডাঙ্গা অফিস
২০২৬ শিক্ষাবর্ষে ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে আলমডাঙ্গা একাডেমি। ফলাফল প্রকাশের পর একাডেমি প্রাঙ্গণে শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে আনন্দঘন পরিবেশে কুশল বিনিময় অনুষ্ঠিত হয়।
প্রকাশিত ফলাফলে আলমডাঙ্গা একাডেমির মোট ৬ জন শিক্ষার্থী ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার লিখিত ধাপে উত্তীর্ণ হয়েছে, যা প্রতিষ্ঠানটির জন্য একটি গৌরবজনক অর্জন। এই সাফল্যে একাডেমির অধ্যক্ষ এনামুল হক উত্তীর্ণ শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা হলেন— আশিকুজ্জামান নাবিল, রাইয়ান রহমান রাগিব, আকিবুর রহমান, মেহের নিগার ইরা, ফাউজিয়া ফারুক আফিয়া ও আফসানা আরেফিন।
একাডেমি সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা একাডেমি শিক্ষার্থীদের কেবল একাডেমিক সাফল্যের মধ্যেই সীমাবদ্ধ রাখে না; বরং তাদের চৌকস, সুশৃঙ্খল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলাই প্রতিষ্ঠানটির অন্যতম লক্ষ্য। সে উদ্দেশ্যে পাঠ্যবিষয়ের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম, নৈতিক শিক্ষা, নেতৃত্ব বিকাশ ও চরিত্র গঠনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
এই সাফল্যে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে ব্যাপক সন্তোষ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।



