আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা থানা পুলিশ পৃথক দুটি মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ চারজনকে গ্রেপ্তার করেছে। অভিযানে মাদক বিক্রির নগদ টাকা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. তোগুল হাসান সোহাগের নেতৃত্বে একটি পুলিশ দল গত ১৯ জানুয়ারি বিকেল সাড়ে ৫টার দিকে আলমডাঙ্গা রেলস্টেশন থেকে ৭১ মোড়গামী সড়কে অভিযান পরিচালনা করে। অভিযানে রতন কুমার বিশ্বাসের চায়ের দোকানের সামনে থেকে আলমডাঙ্গার আনন্দধাম এলাকার বাসিন্দা মহিউদ্দিনের ছেলে মো. রানা (২৮) এবং মৃত মন্টু অধিকারীর ছেলে শ্রী রাজীব অধিকারী (৩৯)-কে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩০ পিস টাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ১ হাজার ৩৯০ টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি হিরো হোন্ডা মোটরসাইকেল জব্দ করা হয়।
অপরদিকে, ওসমানপুর ক্যাম্পের এসআই মো. সেকেন্দার আবু জাফরের নেতৃত্বে গতকাল বিকেল ৪টার দিকে আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের শেখপাড়া গ্রামে আরেকটি অভিযান চালানো হয়। অভিযানে মো. মিজার খাঁর বসতবাড়ির উঠান থেকে ১০০ গ্রাম গাঁজা ও ২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মিজার খাঁ (৪৬) এবং মো. আলফাজ মিয়া (২০)-কে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় আলমডাঙ্গা থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।



