মেহেরপুরে হারানো ৯২টি মোবাইল ফোন ও ৫৫ হাজার টাকা উদ্ধার

মেহেরপুর অফিস

মেহেরপুরে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৯২টি মোবাইল ফোন ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে আত্মসাৎকৃত ৫৫ হাজার টাকা উদ্ধার করেছে জেলা পুলিশ। উদ্ধারকৃত মোবাইল ফোন ও অর্থ আনুষ্ঠানিকভাবে প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়।

              প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিসেম্বর ২০২৫ মাসে মেহেরপুর জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল জেলার তিনটি থানায় সাধারণ ডায়েরিভুক্ত (জিডি) হওয়া হারানো ৯২টি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়। পাশাপাশি ভুলবশত অন্য নম্বরে চলে যাওয়া এবং প্রতারণার মাধ্যমে আত্মসাৎকৃত নগদ অর্থ ও বিকাশের মাধ্যমে নেওয়া মোট ৫৫ হাজার টাকা উদ্ধার করে সংশ্লিষ্ট ভুক্তভোগীদের কাছে হস্তান্তর করা হয়।

              এ সময় একই কার্যক্রমের অংশ হিসেবে ১৩টি হারানো ফেসবুক আইডিও সফলভাবে রিকভারি করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

              উদ্ধারকৃত মোবাইল ও অর্থ হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মোহাম্মদ আতিকুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জামিনুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মেহেদি হাসান দিপু, ডিবির ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরীসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং উপকারভোগীরা।

              জেলা পুলিশের পক্ষ থেকে সাইবার অপরাধের শিকার হলে দ্রুত থানায় জিডি করার পাশাপাশি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সহায়তা নেওয়ার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।