জীবননগর অফিস
কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং টেকসই কৃষি ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় জীবননগরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় জীবননগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক আলমগীর বিশ্বাস। তিনি বলেন, আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনের মাধ্যমে কৃষিতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি কৃষকদের জীবনমান উন্নয়ন সম্ভব। টেকসই কৃষি নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর চাষাবাদের বিকল্প নেই। চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাসুদুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন।
জীবননগর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পাভেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের পরিচালক রবিউল ইসলাম, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বকুল হোসেন এবং কৃষি উদ্যোক্তা জাহিদুল ইসলাম।
কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলায় উপজেলার বিভিন্ন কৃষি উদ্যোক্তারা মোট ১৪টি স্টলে আধুনিক কৃষি যন্ত্রপাতি, উন্নত জাতের ফসল, জৈব সার ও কৃষিভিত্তিক উদ্ভাবনী পণ্য প্রদর্শন করেন। অতিথিরা স্টলগুলো পরিদর্শন করে উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
অনুষ্ঠানে জীবননগর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপসহকারী কৃষি কর্মকর্তাগণ, সাংবাদিক এবং কৃষি উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।



