ঝিনাইদহ অফিস
ঝিনাইদহ জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের উদ্যোগে হারিয়ে যাওয়া ৮৬টি মোবাইল ফোন এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস)-এর মাধ্যমে প্রতারণায় হাতিয়ে নেওয়া ৯০ হাজার ৫ টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
গতকাল সোমবার বেলা ১১টার দিকে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধারকৃত মোবাইল ফোন ও অর্থ ভুক্তভোগীদের হাতে তুলে দেন ঝিনাইদহ জেলার পুলিশ সুপার মোঃ মাহফুজ আফজাল।
জেলা পুলিশ সূত্র জানায়, অনলাইনভিত্তিক অপরাধ দমন এবং প্রযুক্তিনির্ভর তদন্ত কার্যক্রম জোরদার করতে ঝিনাইদহ জেলায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল গঠন করা হয়েছে। সেলটির সদস্যরা নিয়মিত সাইবার পেট্রোলিংয়ের মাধ্যমে অনলাইন প্রতারণা, বিকাশ ও অন্যান্য এমএফএস জালিয়াতি, সাইবার বুলিং, অনলাইন জুয়া এবং হারানো মোবাইল উদ্ধারসহ বিভিন্ন সাইবার অপরাধ দমনে কাজ করে যাচ্ছেন।
পুলিশ সুপারের দিকনির্দেশনায় সাইবার সেল একটি ক্লুলেস হত্যা মামলা ও একটি ডাকাতি মামলার রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয়। এছাড়া একটি অপহরণ মামলার ভিকটিম উদ্ধার, সামাজিক যোগাযোগমাধ্যমে সাইবার বুলিংয়ের শিকার ৩২ জনকে তাৎক্ষণিক সহায়তা প্রদান এবং নিখোঁজ ৪ জন ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।
অনুষ্ঠানে বক্তব্যে পুলিশ সুপার মোঃ মাহফুজ আফজাল বলেন, “ডিজিটাল প্রযুক্তির বিস্তারের সঙ্গে সঙ্গে সাইবার অপরাধের ঝুঁকিও বাড়ছে। তাই অপরিচিত লিংক, সন্দেহজনক অ্যাপস এবং ব্যক্তিগত তথ্য ব্যবহারে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।” তিনি সাইবার অপরাধের শিকার হলে দ্রুত নিকটস্থ থানা অথবা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ মোসফেকুর রহমানসহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের কর্মকর্তারা।
ঝিনাইদহে হারানো ৮৬টি মোবাইল ও প্রতারণার ৯০ হাজার টাকা উদ্ধার করল সাইবার সেল



