আলমডাঙ্গায় গাঁজাসহ তিনজন গ্রেফতার

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গায় থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ২২৫ গ্রাম গাঁজাসহ তিন জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইলের নেতৃত্বে এসআই প্রদীপ বিশ্বাস ও এসআই মিজানুর রহমান গত শনিবার রাত আনুমানিক ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি অভিযান পরিচালনা করেন।
পুলিশ সূত্রে জানা যায়, আলমডাঙ্গা উপজেলার আইলহাঁস ইউনিয়নের আইলহাঁস গ্রামের ফরহাদ হোসেনের মুদি দোকানের সামনে পাকা রাস্তা থেকে একজন এবং ভাংবাড়িয়া ইউনিয়নের ভাংবাড়িয়া প্রাইমারি স্কুল পাড়ায় উজ্জ্বল বিশ্বাসের বাড়ির সামনে পাকা রাস্তা থেকে আরও দুজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে দেহ তল্লাশি করে তাদের কাছ থেকে পৃথকভাবে মোট ২২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, আইলহাঁস ইউনিয়নের আইলহাঁস গ্রামের মজনু রহমানের ছেলে ইমরান (২৬), ভাংবাড়িয়া ইউনিয়নের ভাংবাড়িয়া প্রাইমারি স্কুল পাড়ার মৃত রামজেদ আলীর ছেলে উজ্জ্বল বিশ্বাস (৪২) এবং নগরবোয়ালিয়া গোরস্থানপাড়ার মৃত আজিবারের ছেলে অনিক (২৪)। তারা সবাই আলমডাঙ্গা থানার অধিভুক্ত এলাকার বাসিন্দা।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।