দর্শনার আজমপুরে তালা ভেঙে স্বর্ণালংকার চুরি

দর্শনা অফিস
দর্শনার আজমপুর গোরস্থানপাড়ায় একটি বসতবাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরেরা বাড়ির পাঁচটি তালা ভেঙে আলমারিতে রাখা প্রায় সাড়ে চার ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। গত শনিবার রাতে আজমপুর গোরস্থানপাড়ার রিন্টুর বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, পরিবারের এক সদস্যকে বিদেশে পাঠানোর প্রস্তুতির অংশ হিসেবে পরিবারের সবাই ঢাকায় অবস্থান করছিলেন। এ সুযোগে গভীর রাতে চোরেরা বাড়িতে প্রবেশ করে ঘরের একাধিক তালা ভেঙে চারটি সোনার চেইন, চারটি রুলি ও এক জোড়া গয়নাসহ মোট সাড়ে চার ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়।
ঘটনার পর গতকাল রবিবার ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে দর্শনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান বলেন, আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় সম্প্রতি চুরির ঘটনা বেড়ে যাওয়ায় তারা আতঙ্কিত। দ্রুত চোর চক্র শনাক্ত করে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।