হিজলগাড়ী প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদরের হিজলগাড়ী প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর আমীর ও চুয়াডাঙ্গা-২ আসনে সংসদ সদস্য প্রার্থী রুহুল আমিন। গত শনিবার বিকাল ৫টায় প্রেসক্লাবের হলরুমে আয়োজিত সভায় সাংবাদিকদের সঙ্গে সুশৃঙ্খল আলোচনায় অংশ নেন তিনি। সভার সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি আরিফ হাসান।
সভায় রুহুল আমিন বলেন, বিগত সময়ে রাজনৈতিক ট্যাগ দিয়ে সাধারণ মানুষের ওপর যে নির্যাতন ও নিপীড়ন চালানো হয়েছে, তা ভবিষ্যতে বন্ধ করতে হবে। রাজনীতির কারণে কাউকে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠানোর সংস্কৃতি আর চলতে দেওয়া হবে না। বাংলাদেশ জামায়াতে ইসলামীর মূল লক্ষ্য ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা। আগামীতে যদি আমাদের দল দেশের নেতৃত্ব গ্রহণ করে, তাহলে ঘুষ, দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত একটি বাংলাদেশ গড়ে তোলা হবে।
তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ; তাই তাদের সাথে সবসময় সমন্বয় ও ইতিবাচক কর্মকাণ্ডে পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
হিজলগাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লাবলুর রহমান সভার সঞ্চালনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও দামুড়হুদা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদের, জেলা ছাত্রশিবির সভাপতি সাগর আহমেদ, জেলা জামায়াতের প্রচার বিভাগের প্রধান সাংবাদিক মফিজুর রহমান জোয়ার্দ্দার।
এছাড়া হিজলগাড়ী প্রেসক্লাবের উপদেষ্টা মীর মফিজ উদ্দিন, সরোজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আরিফুল ইসলাম লিন্টু, সহ-সভাপতি আব্দুস সেলিম, যুগ্ম সম্পাদক আব্দুস সামাদ অপূর্ব, সাংগঠনিক সম্পাদক নয়ন আহমেদ, দৈনিক আজকের চুয়াডাঙ্গা পত্রিকার প্রতিনিধি নিশান মিয়া, সোহেল রানা এবং অন্যান্য সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
সভায় নেহালপুর ইউনিয়ন জামায়াতের আমীর লিটন মল্লিক, সেক্রেটারি হাসিবুল ইসলাম, জামায়াত নেতা হাজী নুরুল আমিন, ডা. এরফান আলী লান্টু এবং জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
হিজলগাড়ী প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় জামায়াত প্রার্থী রুহুল আমিন



