আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা সরকারি কলেজ আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এ দ্রুততম মানব ও মানবীর খেতাব অর্জন করেছে তৌফিক আহম্মেদ ও মুসফিকা। ছাত্রদের মধ্যে মানবিক বিভাগের শিক্ষার্থী তৌফিক আহম্মেদ ১০০ মিটার দৌড়ে প্রথম স্থান অর্জন করে দ্রুততম মানবের গৌরব অর্জন করেন। একইভাবে ছাত্রীদের মধ্যে মানবিক বিভাগের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মুসফিকা ১০০ মিটার দৌড়ে প্রথম হয়ে দ্রুততম মানবীর খেতাব লাভ করেন।
ঐশিকা সামাজিক উন্নয়ন সংস্থার সৌজন্যে উভয় বিজয়ীর হাতে ট্রফি তুলে দেওয়া হয়। তাদের এই সাফল্য কলেজের ক্রীড়াঙ্গনে উদ্যম ও প্রতিভার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আলমডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. মফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল মনয়েম ও গোলাম ছরোয়ার। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সেক্রেটারি এবং ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতি কমিটির আহ্বায়ক সহকারী অধ্যাপক মহিতুর রহমান, সহকারী অধ্যাপক সাইদুর রহমানসহ কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনায় ছিলেন সিনিয়র প্রভাষক ড. মাহবুব আলম। গত বৃহস্পতিবার কলেজ চত্বরে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
আলমডাঙ্গায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম তৌফিক ও মুসফিকা



