স্টাফ রিপোর্টার
জীবননগরে বিজিবির অভিযানে সাড়ে ৩শ গ্রাম সোনার বারসহ ১ চোরাকারবারি আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে জীবননগর – গোয়ালপাড়া সড়কে বিজিবি এ অভিযান পরিচালনা করেন। এ সময় জীবননগর মেদিনীপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে চোরাকারবারি মোঃ মাহাবুল হোসেন কে (৪২) আটক করা হয়। উদ্ধার করা হয় ৩ পিস স্বর্ণের বার। যার ওজন ৩৪৯.৪৯ গ্রাম।
মহেশপুর ব্যাটালিয়ন ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বিজিবির বেনীপুর বিওপি’র একটি বিশেষ টহল দল বেলা ১২ টার দিকে গোয়ালপাড়া-জীবননগর মহাসড়কের গোয়ালপাড়া নামক স্থানে জাকা মোল্লার ইট ভাটার পাশে অভিযান চালায়। এ সময় রাস্তার উপর হতে মোঃ মাহাবুল হোসেনকে ৩ (তিন) পিস স্বর্ণের বারসহ আটক করা হয়। সোনার বারগুলো ভারতে পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। এছাড়াও মাহাবুল হোসেনের কাছ থেকে একটি মোটরসাইকেল ও মোবাইল করা হয়। আটক সোনার বাজার মূল্য ৬৫ লাখ ৯৩ হাজার ১২৫ টাকা।
আসামীকে জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে। এবং সোনার বারগুলো সরকারী কোষাগারে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।



