আলমডাঙ্গায় অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলের নির্বাচনী অফিস উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল আলমডাঙ্গা উপজেলার জেহালা, জামজামি ও কুমারী ইউনিয়নের বিভিন্ন গ্রামে নির্বাচনী অফিস উদ্বোধন ও ধারাবাহিক মতবিনিময় সভা করেছেন। সভা ও উদ্বোধন কার্যক্রম গতকাল বুধবার বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।
অ্যাডভোকেট রাসেল বলেন, জনগণের মতামত ও অংশগ্রহণ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। সরাসরি জনগণের কথা শুনেই এলাকার প্রকৃত সমস্যা নির্ধারণ করা যায়। মতবিনিময় সভায় শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন, রাস্তাঘাট ও যোগাযোগ অবকাঠামো শক্তিশালীকরণ, তরুণদের কর্মসংস্থান সৃষ্টিসহ সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচিত হয়।
সভায় জেলা যুব বিভাগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের নির্বাচন পরিচালক শেখ নূর মোহাম্মদ হুসাইন টিপু, আইন ও আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম, আলমডাঙ্গা উপজেলা আমীর প্রভাষক শফিউল আলম বকুল, উপজেলা সেক্রেটারি মামুন রেজা, জেহালা ইউনিয়ন আমীর হুমায়ন কবির, জামজামি ইউনিয়ন আমীর ফজলুর রহমান ও কুমারী ইউনিয়ন আমীর আবু বক্করসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।