দর্শনা অফিস
কেরু উচ্চ বিদ্যালয়ে ঐতিহ্যবাহী পৌষ পিঠা পার্বণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য এ উৎসবের উদ্বোধন করা হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুর রহিমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে পিঠা উৎসবের উদ্বোধন করেন কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের সহধর্মিণী ফারজানা সিদ্দিকা।
উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে কেরুর ব্যবস্থাপনা পরিচালক মো. রাব্বিক হাসান বলেন, একসময় শীত এলেই আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের আমন্ত্রণ করে পিঠা খাওয়ানোর একটি সুন্দর সামাজিক রেওয়াজ ছিল। কিন্তু সময়ের পরিবর্তনে সে সংস্কৃতি আজ অনেকটাই হারিয়ে যাচ্ছে। এর ফলে পারিবারিক ও সামাজিক বন্ধন দুর্বল হয়ে পড়ছে। নতুন প্রজন্মের কাছে বাঙালির ঐতিহ্যবাহী পিঠার পরিচিতি তুলে ধরতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুদূরপ্রসারী তাৎপর্য বহন করে।
পিঠা উৎসবে বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজ হাতে তৈরি নানা ধরনের ঐতিহ্যবাহী পিঠা নিয়ে অংশগ্রহণ করে। শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিদের উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণ উৎসবমুখর ও প্রাণবন্ত হয়ে ওঠে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক (গণিত) ফারুক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরু চিনিকলের মহাব্যবস্থাপক (অর্থ) আব্দুছ সাত্তার, মহাব্যবস্থাপক (কৃষি) মো. আশরাফুল আলম ভূঁইয়া, মহাব্যবস্থাপক (প্রশাসন) আল ফারুক ওমর শরীফ গালিব, মহাব্যবস্থাপক (কারখানা) সুমন কুমার সাহা, কেরুর বিএমআর প্রকল্প পরিচালক ফিদা হাসান বাদশা, ডিজিএম (সম্প্রসারণ) মাহবুবুর রহমান, ব্যবস্থাপক (সিভিল) মাসুম বিল্লাহ, ব্যবস্থাপক (ডিস্টিলারি) আব্দুল হালিম, উপ-ব্যবস্থাপক (পার্সোনেল) আল আমিন এবং সহ-ব্যবস্থাপক (অর্থ) নাইমা আক্তারসহ কেরু কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
কেরু উচ্চ বিদ্যালয়ে ঐতিহ্যের ছোঁয়ায় পৌষ পিঠা উৎসব অনুষ্ঠিত



