দর্শনা অফিস
জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর সেনা হেফাজতে মৃত্যুর প্রতিবাদে দর্শনা পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৪টার দিকে দর্শনা পুরাতন বাজার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে দর্শনা রেলবাজারে গিয়ে শেষ হয়।
মিছিল চলাকালে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সেনা হেফাজতে মৃত্যুর ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা শ্রমিক দলের নেতা শফিকুল ইসলাম সাবু তরফদার, দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট, পৌর সমন্বয়ক কমিটির সদস্য মহিবুল ইসলাম খোকন, শরিফ উদ্দিন, নাহারুল ইসলাম, নাসির উদ্দীন খেদুসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া দর্শনা থানা যুবদলের আহ্বায়ক মো. জালাল উদ্দিন লিটন, দর্শনা পৌর যুবদলের আহ্বায়ক ফারুক হোসেন, সদস্য সচিব জালাল উদ্দিনসহ ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
বক্তারা বলেন, সেনা হেফাজতে একজন রাজনৈতিক নেতার মৃত্যু অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। অবিলম্বে ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।
সেনা হেফাজতে বিএনপি নেতার মৃত্যুর প্রতিবাদে দর্শনায় পৌর বিএনপির বিক্ষোভ মিছিল



