মেহেরপুর অফিস
মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালতের পৃথক দুটি অভিযানে দুটি ইটভাটাকে মোট তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার এসব অভিযান পরিচালনা করা হয়।
মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ফতেপুর এলাকায় অবস্থিত এইচবি ব্রিক্সে অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা করা হয়। বিকেলে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া জাহান ঝুরকা এ অভিযান পরিচালনা করেন। অভিযানে ইটভাটায় ফিক্সড চিমনি ব্যবহার ও জ্বালানি হিসেবে কাঠ পোড়ানোর প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধনী ২০১৯) এর ৬/১৬ ধারায় ভাটা মালিক ইয়াসিন আলীকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিপু সুলতান এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে গাংনী উপজেলার বামন্দী এলাকায় বামন্দী ব্রিক্স নামের ইটভাটায় পৃথক আরেকটি অভিযান পরিচালনা করা হয়। দুপুর ১২টার দিকে গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিদ হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে অবৈধভাবে কাঠ পোড়ানোর প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধনী ২০১৯) এর ৬ ধারায় ভাটা মালিক ঝোড়াঘাট গ্রামের মিজানুর রহমানকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
এ অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিপু সুলতান, বাংলাদেশ সেনাবাহিনীর গাংনী ক্যাম্পের সদস্য এবং গাংনী থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।
ভ্রাম্যমাণ আদালতের পৃথক দুটি অভিযানে মেহেরপুরে ইটভাটায় তিন লাখ টাকা জরিমানা



