নতিপোতা প্রতিনিধি
দামুড়হুদা উপজেলার হোগলডাঙ্গা কলেজ রোডের ছালাভরা মাঠ এলাকায় ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের কবলে পড়ে তিনজন ব্যক্তি নগদ টাকা ও একটি পাখিভ্যান হারিয়েছেন।
পুলিশ ও ভুক্তভোগীদের তথ্য অনুযায়ী, মেহেরপুর জেলার মহাজনপুর গ্রামের তিনজন সাধুসঙ্গ শেষে বাড়ি ফেরার পথে সোমবার ভোররাত আনুমানিক ৪টার দিকে হোগলডাঙ্গা-জুড়ানপুর সড়কের ছালাভরা মাঠ এলাকায় পৌঁছান। সড়কের পাশে একটি খড়ির বোঝা পড়ে থাকতে দেখে ডাকাতরা দেশীয় অস্ত্র দেখিয়ে তাদের গাড়ি থামানোর নির্দেশ দেয়। বাধ্য হয়ে গাড়ি থামালে ডাকাতরা তাদের মাঠের মধ্যে নিয়ে যায়, গাছের সঙ্গে বেঁধে রাখে এবং পাখিভ্যান চালকের কাছ থেকে নগদ ২০০ টাকা ও পাখিভ্যানের চাবি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
হোগলডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মাহমুদুর হাসান বলেন, ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি ডাকাতরা নগদ ২০০ টাকা ও একটি পাখিভ্যান নিয়ে গেছে। তারা থানায় লিখিত অভিযোগ দিতে পারবেন।
নতিপোতার ছালাভরা মাঠে ডাকাতি



