স্টাফ রিপোর্টার
মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তিনজন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ছাড়া পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ভারতীয় মদ ও নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়েছে।
৫৮ বিজিবির সহকারী পরিচালক জানান, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে শ্যামকুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬০/১১১-আর-এর নিকট মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ২৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এর আগে একইদিন সকাল ৬টার দিকে জীবননগর উপজেলার রাজাপুর বিওপির সীমান্ত পিলার ৭৪-এমপি সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে আসামীবিহীন ৩৪ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়।
অপরদিকে সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে শ্যামকুর বিওপির সীমান্ত পিলার ৬০/১১১-আর-এর নিকট মাইলবাড়ীয়া চেকপোস্ট এলাকায় নিয়মিত টহলকালে হাবিলদার মো. রেজাউল করিমের নেতৃত্বে বিজিবির একটি টহল দল অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় দুইজন নারী বাংলাদেশি নাগরিককে আটক করে।
এছাড়া একইদিন রাত ১১টার দিকে শ্রীনাথপুর বিওপির সীমান্ত পিলার ৬১/১-এস সংলগ্ন শ্রীনাথপুর হালদারপাড়া গ্রামে হাবিলদার মো. মিজানুর রহমানের নেতৃত্বে টহল পরিচালনাকালে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টাকালে একজন পুরুষকে আটক করা হয়। আটক ব্যক্তি প্রদীপ কুমার (৬৩), তিনি গোপালগঞ্জ জেলার বৈশাখী নিছুপাড়া গ্রামের বাসিন্দা।
বিজিবি সূত্র জানায়, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
ভারতে যাওয়ার সময় ৩ জন আটক মদ ও নেশাজাতীয় সিরাপ উদ্ধার



